দেশে শুরু হয়েছে কালবৈশাখীর মৌসুম। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় কয়েক দফা ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে ঢাকায়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঈদুল ফিতরের দিন নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। তবে শুক্রবারের পরিবর্তে শনিবার ঈদ হলে সেদিন সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, মার্চ ও এপ্রিল মাস সাধারণত কালবৈশাখীর সময়, এ সময়ে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বেশি থাকে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম তিন দিনে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
সংস্থাটির তথ্যমতে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমি লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য বাড়তে পারে।
শুক্রবারও দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আর শনিবার—যেদিন ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে—সেদিনও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতে তেমন পরিবর্তন নাও হতে পারে।
রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে, তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবারও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আরিচায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে আরিচায়, ৫৮ মিলিমিটার।
বৃষ্টির খবর আবহাওয়ার খবর