যুদ্ধের প্রতিশোধ নিতে এবার খোদ যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে ইরান। সম্প্রতি ক্যালিফোর্নিয়া রাজ্যের পুলিশ বিভাগকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রতিশোধ নিতে ইরান পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালাতে পারে— সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগগুলোকে এমন তথ্য জানিয়ে সতর্ক করেছে এফবিআই।
ফেব্রুয়ারির শেষে দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আমরা সম্প্রতি তথ্য পেয়েছি, যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের উপকূলে (বিশেষ করে ক্যালিফোর্নিয়ার অনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে) কোনো অজ্ঞাত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে আকস্মিক হামলা চালানোর পরিকল্পনা করছিল। তবে এই সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, লক্ষ্যবস্তু বা হামলাকারীদের সম্পর্কে আমাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।’
এই সতর্কবার্তাটি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন ইসলামিক রিপাবলিকের (ইরান) বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে। এর বিপরীতে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে।