অন্তর্বর্তী সরকারের সময় একটি বিশেষ রাজনৈতিক দলের ব্যক্তিরা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগসহ শিক্ষা প্রশাসনের নানা দপ্তর ও অধিদপ্তরের শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন—এমন অভিযোগ উঠেছে। নতুন শিক্ষা প্রশাসন এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেবে কিনা, সে প্রশ্ন তোলা হয় নতুন সরকারের শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলনে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘We don’t want to drive our car looking in the rear view mirror putting our gear in reverse. আমরা পেছনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চাই না।
আমরা অতীতে আটকে থাকতে চাই না, আমরা সামনে এগোতে চাই। তাই আমরা বিগত সময়ের বিষয় নিয়ে কথা বলবো না, আমরা ভবিষ্যৎ নিয়েই কথা বলবো।’ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার দেশের অর্ধশতাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর নিয়োগপ্রাপ্ত অনেক ভিসিই তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন।