প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিগগিরই এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) সচল রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেন কোনো ধরনের সমস্যা না হয় তা নিশ্চিত করা।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সেই ইশতেহার বাস্তবায়নে সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও জানান, প্রতিটি মন্ত্রণালয়কে জনস্বার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে সব মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখতে প্রধানমন্ত্রীর স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।