মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরানের নতুন করে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
বুধবার (১১ মার্চ) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি বিমান ঘাঁটি ও দেশের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া মোট ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানায়, আল খারজ প্রদেশে অবস্থিত ‘প্রিন্স সুলতান বিমান ঘাঁটি’ লক্ষ্য করে ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পূর্বাঞ্চলের দিকে আসা আরও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। এর আগে গত ১ মার্চ এই বিমান ঘাঁটিতে এক হামলায় একজন মার্কিন সৈনিক আহত হয়েছিলেন, যিনি এক সপ্তাহ পর মারা যান।
এছাড়া সৌদি বাহিনী আরও ৯টি ড্রোন প্রতিহত করেছে, যার মধ্যে ৫টি ড্রোন আল খারজ প্রদেশের পূর্ব দিকে ধ্বংস করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্য বা স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি।
অন্যদিকে, বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার জানিয়েছিল, তারা তেল আবিবসহ ইসরাইলি শহর এবং আঞ্চলিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ‘পঞ্চম নৌবহর’ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের তিনটি স্থাপনায় ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম উত্তেজনা বিরাজ করছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে।
তথ্যসূত্র: এএফপি